কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের কচুয়া উপজেলায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে ৮১৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে কচুয়া থানা পুলিশ। এসব ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে এবং পৃথক পাঁচটি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাশেদুল হকের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের প্রথম পর্যায়ে এসআই মো. নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে আকানিয়া নাছিরপুর এলাকায় অভিযান চালিয়ে মাহমুদা বেগম (৩৫) নামে এক নারীকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
একই দিনে এসআই মো. সোহেল খান সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরসভার মৃধা বাড়ি এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ দাউদ হোসেন (৩০) নামে একজনকে আটক করেন।
অন্যদিকে, এসআই রুহুল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে শ্রীরামপুর এলাকার মানিক মেম্বারের বাড়ির সামনে অভিযান চালিয়ে রিয়াদ (২৪) নামে একজনকে আটক করেন।
এছাড়া এসআই রুবেল ও এএসআই মো. শাহজাহান দক্ষিণ পাড়াগাঁও ও বলরা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে নিজাম উদ্দিন শুভ (২৬) ও তানভীর (২৫) নামে আরও দুজনকে আটক করেন। তাদের কাছ থেকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা মাদকদ্রব্যের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কচুয়া থানায় পৃথক পাঁচটি মামলা করা হয়েছে।
আটক পাঁচজনকে বুধবার (১৯ আগস্ট) আইনানুগ প্রক্রিয়া শেষে পুলিশ পাহারায় চাঁদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
কচুয়া থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.