আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় মাদকদ্রব্য, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক, জায়গা-জমি সংক্রান্ত বিরোধসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়াতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার গৈলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গৈলা আব্দুল ওয়াজেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আগৈলঝাড়া থানার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান। এ সময় উপস্থিত ছিলেন থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মো. বখতিয়ার, এসআই সিদ্দিকুর রহমান, বিএনপি নেতা রহিম হাওলাদার, সোহরাব হোসেন তোতা, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, সাংবাদিক এইচ এম মাসুম, ব্যবসায়ী সাজ্জাদ হোসেন মিলু, রুহুল সরদার, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি সৈয়দ মো. মিঠু প্রমুখ।
বক্তব্যে ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, “সমাজ থেকে অপরাধ নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগই যথেষ্ট নয়। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা অপরিহার্য। বিশেষ করে মাদক, জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পরিবারভিত্তিক সচেতনতা গড়ে তুলতে হবে। আমি আপনাদের আগৈলঝাড়ার সেবক হিসেবে কাজ করতে এসেছি। আপনারা সহযোগিতা করলে আমি আপনাদের জন্য একটি মাদকমুক্ত থানা উপহার দিতে পারি।”
তিনি মাদক, বাল্যবিবাহ, যৌতুক ও সন্ত্রাস প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে মাদক ও জুয়া প্রতিরোধে সামাজিক নজরদারি বৃদ্ধি এবং পারিবারিক বন্ধন আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় অন্যান্য বক্তারা বলেন, বিট পুলিশিং কার্যক্রম মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর ভূমিকা রাখছে। নিয়মিত এ ধরনের সভা আয়োজনের মাধ্যমে জনগণ ও পুলিশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে এবং অপরাধ প্রবণতা কমাতে তা সহায়ক হবে।
সভা শেষে উপস্থিত সবাই সম্মিলিত উদ্যোগে নিরাপদ, সচেতন ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলার অঙ্গীকার করেন। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিকসহ কয়েক শতাধিক সচেতন নাগরিক অংশ নেন।
এ ছাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নেও একই সময়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.