নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলার শতবর্ষী ৮৫ নম্বর কশব মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। ভবনের বিভিন্ন স্থানে ফাটল ও পলেস্তারা খসে পড়ায় যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯২৩ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় এবং ১৯৭৩ সালে এটি সরকারি করা হয়। বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে। কর্মরত রয়েছেন আটজন শিক্ষক ও একজন দপ্তরি।
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের ভবনের দেয়াল ও টিনের ছাউনিতে একাধিক বড় ফাটল রয়েছে। কোথাও খসে পড়ছে পলেস্তারা, আবার কোথাও দেখা দিয়েছে গভীর চিড়। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভবনটির অবস্থা দিন দিন আরও নাজুক হয়ে পড়ছে। ঝুঁকিপূর্ণ এই ভবনেই নিয়মিত পাঠদান চলছে।
বিদ্যালয়টির শিক্ষার্থীদের সাফল্যও রয়েছে। ২০২৬ সালে বিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে চারজন ট্যালেন্টপুলে এবং একজন সাধারণ বৃত্তি পেয়েছে। তবে অবকাঠামোগত সংকটের কারণে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
শিক্ষক-শিক্ষার্থীরা জানান, ভবনের বিভিন্ন স্থানে ফাটল থাকায় সবসময় আতঙ্কের মধ্যে ক্লাস করতে হয়। দ্রুত ভবনটি সংস্কার কিংবা নতুন ভবন নির্মাণ করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয় অভিভাবকরা বলেন, কোমলমতি শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। দুর্ঘটনা ঘটার আগে ঝুঁকিপূর্ণ ভবনটি পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী বলেন, “৮৫ নম্বর কশব মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ বিষয়ে সংশ্লিষ্ট কেউ যোগাযোগ করেননি। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এডিপির অর্থায়নে ক্লাসরুম সম্প্রসারণের বিধান রয়েছে। এ ক্ষেত্রে বিদ্যালয় থেকে ক্লাস্টারের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার (এটিও) মাধ্যমে আবেদন পেলে বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের দাবি, শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশে পাঠদানের স্বার্থে দ্রুত বিদ্যালয়ের ভবনটি পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার অথবা নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হোক।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.