পিরোজপুর প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় পিরোজপুর পৌরসভার সামনে থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে শহীদ মিনার প্রাঙ্গণে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব তহিদুল ইসলাম।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। প্রধান বক্তা ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমত।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, স্বেচ্ছাসেবক দল বিএনপির একটি গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামী দিনেও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে মানুষের পাশে দাঁড়াতে হবে।
প্রধান বক্তা সাইদুল ইসলাম কিসমত বলেন, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করার আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভাপতির বক্তব্যে মনিরুজ্জামান মনির বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে সংগঠনের আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের যেকোনো কর্মসূচিতে নেতাকর্মীদের শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় জেলা ও উপজেলা পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সংগঠনের প্রতিষ্ঠার ইতিহাস ও সাংগঠনিক কার্যক্রম তুলে ধরে স্বেচ্ছাসেবক দলকে আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.