নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে অসচ্ছল ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ২০২৫-২৬ অর্থবছরের বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসচ্ছল ও প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে অনুদানের চেক তুলে দেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।
জেলার বিভিন্ন উপজেলার মোট ১২০ জন অসচ্ছল ও প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে প্রয়োজন ও সমস্যার ধরন অনুযায়ী ২ হাজার থেকে ৫ হাজার টাকা করে বিশেষ অনুদানের চেক দেওয়া হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রতি সপ্তাহের বুধবার অসচ্ছল ও আর্থিকভাবে সমস্যাগ্রস্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের সমস্যা ও প্রয়োজনের কথা জানান। এ সময় তাদের নাম, ঠিকানা ও প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করা হয়। পরবর্তীতে তথ্য যাচাই-বাছাই করে প্রকৃত অসচ্ছল ও আর্থিক সহায়তার প্রয়োজন রয়েছে—এমন ব্যক্তিদের তালিকা প্রস্তুত করা হয়। সেই তালিকার ভিত্তিতেই ২০২৫-২৬ অর্থবছরের বিশেষ অনুদানের আওতায় বৃহস্পতিবার ১২০ জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া বলেন, সমাজের অসচ্ছল, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রশাসনের অন্যতম দায়িত্ব। জেলা প্রশাসকের কার্যালয়ে যেসব অসচ্ছল মানুষ তাদের সমস্যা নিয়ে আসেন, তাদের তথ্য সংরক্ষণ করে প্রয়োজন অনুযায়ী সহায়তার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়। সরকারি সহায়তা যেন প্রকৃত অসহায় ও অসচ্ছল মানুষের কাছে পৌঁছে যায়, সে বিষয়ে জেলা প্রশাসন গুরুত্ব দিয়ে কাজ করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. শামসুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম. সাজ্জাদ হোসেন, এনডিসি এফএম. নাঈম হাসান শুভ, জেলা নাজির মো. আব্দুর রউফসহ জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.