জুলফিকার বাবলু, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে বহুল আলোচিত চাচা-ভাতিজা জোড়া হত্যা মামলায় দীর্ঘ ১০ বছর পর রায় ঘোষণা করেছেন আদালত। মামলায় সাত আসামিকে মৃত্যুদণ্ড এবং সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জনাকীর্ণ আদালতে দীর্ঘ শুনানি, সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে জামালপুরের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক নেজাম উদ্দিন এ রায় ঘোষণা করেন। দীর্ঘ প্রতীক্ষার পর রায় পাওয়ায় বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—আলামিন, সাখাওয়াত, উজ্জল, অন্তর, সোহেল, সাদ্দাম ও ফইজুর। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—কাউসার, শাহ আলম, জিয়ের, সুমন, চাঁন মিয়া ও রিফাত।
মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৬ সালে মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আলতাফুর রহমান আতা এবং দলটির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ইছাহাকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়।
ওই মামলার আসামি আদারভিটা ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মোস্তফাকে গ্রেপ্তার করতে ২০১৬ সালের ১০ এপ্রিল গজারিয়া গ্রামে যায় পুলিশ। বাড়ি শনাক্ত করতে না পেরে পুলিশ স্থানীয় বাসিন্দা মহর আলী ও তাঁর ভাতিজা স্বপন মিয়ার কাছে মোস্তফার বাড়ির অবস্থান জানতে চায়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতেই পুলিশ মোস্তফাকে গ্রেপ্তার করে।
অভিযোগ রয়েছে, পরবর্তীতে জামিনে মুক্ত হয়ে মোস্তফা প্রতিশোধপরায়ণ হয়ে ওঠেন। তিনি মহর আলী ও স্বপন মিয়াকে কৌশলে ডেকে নিয়ে হত্যার পরিকল্পনা করেন। এরপর সন্ত্রাসীরা তাঁদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। নিখোঁজের তিন দিন পর একটি পাটক্ষেত থেকে চাচা-ভাতিজার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মহর আলী (১৭) গজারিয়া গ্রামের আব্দুস সালাম দফাদারের ছেলে এবং তৎকালীন মির্জা আজম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। অপর নিহত স্বপন মিয়া (১৬) একই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে এবং সানাইবান্দা ইসলামিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। সম্পর্কে তাঁরা আপন চাচা-ভাতিজা।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী দিদারুল ইসলাম বলেন, সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দিয়েছেন। বহুল আলোচিত এ হত্যাকাণ্ডের দীর্ঘ প্রতীক্ষিত রায়ে নিহতদের পরিবার ন্যায়বিচার পেয়েছে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.