নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গাজীপুর জেলা শাখা।
মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা, সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখা এবং ভবিষ্যতে দেশ ও জাতির নেতৃত্বে এগিয়ে আসার প্রত্যয় নিয়ে শুক্রবার গাজীপুরের পিটিআই অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা অংশ নেন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর জেলা শাখার সভাপতি ইসমাইল পাঠানের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি বায়েজিদ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।
প্রধান অতিথির বক্তব্যে সিবগাতুল্লাহ সিবগা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘তোমাদের এই কৃতিত্বের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। সামনে এগিয়ে যেতে জীবনে নানা ধরনের প্রতিবন্ধকতা আসবে। কিন্তু সব বাধা অতিক্রম করে লক্ষ্যপানে এগিয়ে যেতে হবে।’
তিনি বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না; একই সঙ্গে সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে অবিচল থেকে ন্যায়ের পক্ষে দাঁড়াতে হবে। দেশ ও জাতির কল্যাণে নিজেদের মেধা, যোগ্যতা ও সামর্থ্য কাজে লাগিয়ে আত্মনিয়োগ করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী। তিনি বলেন, শিক্ষাজীবনের প্রথম ধাপেই জিপিএ-৫ অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধার প্রমাণ দিয়েছে। আগামী দিনে সমাজের নেতৃত্ব তাদেরই দিতে হবে। এজন্য প্রচলিত গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না থেকে সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও যোগ্যতার বহুমুখী বিকাশ ঘটাতে হবে।
তিনি আরও বলেন, ‘বৃত্তের বাইরে গিয়ে নিজেদের ক্রিয়েটিভিটির প্রমাণ দিতে হবে। শুধু পরীক্ষার ফলাফল নয়, জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনের মাধ্যমে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে।’
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত জিএসসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা।
বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি তাদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগায়। তবে একাডেমিক সাফল্যের পাশাপাশি নৈতিক চরিত্র, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা অর্জনও সমান গুরুত্বপূর্ণ।
তারা আরও বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের শিক্ষক, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, প্রশাসক, উদ্যোক্তা ও রাষ্ট্রের নেতৃত্বে আসবে। তাই নিজেদের মেধা ও যোগ্যতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগানোর মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠান শেষে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.