নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর মনোহরদীতে অভিযান চালিয়ে সুমাইয়া ও রায়হান মিয়ার মধ্যে হতে যাওয়া বাল্যবিবাহ বন্ধ করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে বিয়ের সব ধরনের আনুষ্ঠানিকতাও বন্ধ করে দেওয়া হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মনোহরদী উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের লাখপুর পূর্বপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে দেওয়া হবে না—মর্মে মেয়ের পরিবারের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। একই সঙ্গে মেয়েটিকে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
এ সময় পরিবারের সদস্যদের বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হয়। মেয়ের প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ের আয়োজন না করার বিষয়ে পরিবারকে সতর্ক করা হয়।
অভিযানে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের স্টাফ ও মনোহরদী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনা করেন মনোহরদী উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া।
সংশ্লিষ্টরা জানান, বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.