কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের হারিচাইল গ্রামে ইমাম হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শুক্রবার (২১ আগস্ট) তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় ও নিহতের পরিবারের অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে ইমাম হোসেন মিয়ার বাজার থেকে নিজ বাড়ি হারিচাইল গ্রামের উদ্দেশ্যে রওনা হন। পথে ৫ থেকে ৬ জন যুবক তাকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে পার্শ্ববর্তী বরুড়া উপজেলার বটতলী এলাকায় নিয়ে যায়।
অভিযোগ রয়েছে, অটোরিকশায় নেওয়ার সময়ও তাকে মারধর করা হয়। পরে বটতলী এলাকায় নিয়ে আটকে রেখে জোরপূর্বক একটি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। এরপর সেখানে তাকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করা হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় নেওয়ার পথে শুক্রবার তার মৃত্যু হয়।
নিহতের পরিবারের অভিযোগ, বরুড়া উপজেলার কৃষ্ণপুর ও বটতলী এলাকার দুলাল পাটোয়ারীর ছেলে মহিন উদ্দিন, আব্দুল হাকিমের ছেলে আবুল হোসেন রবি, রুস্তম আলী পাটোয়ারীর ছেলে দুলাল পাটোয়ারী এবং আলী হোসেনের ছেলে মাসুদসহ কয়েকজন ইমাম হোসেনকে রাস্তা থেকে তুলে নিয়ে মারধর করেন। তারাই এ ঘটনার সঙ্গে জড়িত বলে দাবি করে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবার।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, ‘ইমাম হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.