ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বান্দাইখাড়া এলাকায় হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিস চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম রেজু।
জানা যায়, ২ কোটি ২ লাখ টাকা ব্যয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন নির্মাণ করা হবে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), নওগাঁ প্রকল্পটি বাস্তবায়ন করবে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজু বলেন, “তৃণমূল পর্যায়ের মানুষের দোরগোড়ায় আধুনিক ও ডিজিটাল ভূমিসেবা পৌঁছে দেওয়াই সরকারের প্রধান লক্ষ্য। ভূমিসেবাকে সহজ, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করতে ডিজিটালাইজেশনের ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, নতুন ভবন নির্মাণের ফলে এলাকার সাধারণ মানুষকে ভূমিসেবা নিতে দূর-দূরান্তে গিয়ে ভোগান্তি পোহাতে হবে না। সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং সরকারি সম্পত্তির সঠিক সুরক্ষায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, আধুনিক ও ডিজিটাল ভূমিসেবার পরিধি তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। নতুন কার্যালয় চালু হলে হাটকালুপাড়া ও কালিকাপুর ইউনিয়নের বাসিন্দারা এক ছাদের নিচে সহজ ও স্বচ্ছভাবে প্রয়োজনীয় ভূমিসেবা পাবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী নিতিশ কুমার, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলীসহ হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আকরাম হোসেন সরদার, সহ-সভাপতি এস এম সাজ্জাদ হোসেন তোতা, সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান, মো. আনোয়ার হোসেন তরফদার, যুগ্ম সম্পাদক মো. ময়েনুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো. মহসিন আলী বাদল।
এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.