নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পোরশায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রায়হান কবির (২৮) নামে এক মাদ্রাসাশিক্ষকের মৃত্যু হয়েছে।
শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের দাহার শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রায়হান কবির চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার দামদিপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি তেঁতুলিয়া ইউনিয়নের দাহার শেখপাড়া কওমি মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও মাদ্রাসা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মাদ্রাসাসংলগ্ন শেখপাড়া গ্রামের একটি পুকুরে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে গোসল করতে নামেন শিক্ষক রায়হান কবির। গোসলের একপর্যায়ে তিনি ডুব দিয়ে পুকুরের মাঝামাঝি চলে যান। পরে ঘাটের দিকে আসার জন্য আবার ডুব দিলে তিনি আর পানির ওপরে উঠতে পারেননি।
বিষয়টি দেখতে পেয়ে মাদ্রাসার শিক্ষার্থীরা পানিতে নেমে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে শিক্ষার্থী ইউসুফ আলীর পায়ের সঙ্গে রায়হান কবিরের লুঙ্গির স্পর্শ লাগে। পরে তার চিৎকারে অন্য শিক্ষার্থীরা এগিয়ে এসে পানির নিচ থেকে তাকে উদ্ধার করে পুকুরের পাড়ে নিয়ে আসে।
পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত তাঁকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রায়হান কবিরকে মৃত ঘোষণা করেন।
পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত শিক্ষকের শ্বাসকষ্টের সমস্যা ছিল বলে তাঁর বাবা জানিয়েছেন। পরে বাবার লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.