স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের লোহাগড়ায় সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার পর রাতেই অভিযান চালিয়ে দুই ছাত্রলীগ নেতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন—লোহাগড়া উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত ইউনুস শেখের ছেলে ছাত্রলীগ নেতা শেখ সগীর উদ্দিন সনেট (২৮), বাবরা গ্রামের শাহিদুর রহমানের ছেলে ছাত্রলীগ নেতা আবদুল কাদের শেখ (৩১), জালালসী গ্রামের হুমায়ুন ফকিরের ছেলে আলামি ফকির (৩২), লক্ষীপাশা গ্রামের মৃত শেখ বোরহান উদ্দিনের ছেলে জিল্লুর রহমান (৫৬) এবং রাজপুর গ্রামের জাহাঙ্গীর মোল্যার ছেলে উজ্জাল মোল্যা (৩৮)।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, শনিবার (২২ আগস্ট) রাতে স্থানীয় শ্রমিক দলের নেতা জাহিদুল আলম ঝুনু বাদী হয়ে লোহাগড়া থানায় মামলাটি করেন। মামলায় ১৭ জনের নাম উল্লেখ করে আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার নম্বর ১৭, তারিখ ২২ আগস্ট ২০২৬।
মামলায় উপজেলার কালনা গ্রামের যুবলীগ নেতা বাবুল মুন্সী, রিয়াজুল মেম্বর, তরিকুল খান, ওহিদ কাজী, রাহুল শেখ, ফরিদ মেম্বর, সদর উদ্দিন শামীম ও তার ভাই সগীর উদ্দিন সনেটসহ নিষিদ্ধ ঘোষিত যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।
মামলা সূত্রে আরও জানা গেছে, গত ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই-সিডি বাজার সড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে ওই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান বলেন, মামলার পর রাতেই অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের রোববার আদালতে পাঠানো হবে।
পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.