কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ায় গৃহপালিত হাঁসকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বেদার মল্লিক (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী, ছেলে ও পুত্রবধূ আহত হয়েছেন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে নারীসহ তিনজনকে আটক করেছে।
রোববার (২২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ৬ নম্বর রাড়িপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর ভান্ডারখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিবেশী কাউসারের স্ত্রী রেহানার গৃহপালিত হাঁসকে কেন্দ্র করে বেদার মল্লিকের পরিবারের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে একই এলাকার হায়দার মল্লিকের স্বজনদের সঙ্গে বেদার মল্লিকের পরিবারের সংঘর্ষ বাধে। এ সময় লাঠি ও দরজার কাঠের খণ্ড দিয়ে হামলা করা হয় বলে অভিযোগ উঠেছে।
এতে বেদার মল্লিক, তার স্ত্রী হালিমা বেগম (৫৮), ছেলে কাইয়ুম মল্লিক (২৬) ও পুত্রবধূ সুমি (২১) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেদার মল্লিককে মৃত ঘোষণা করেন।
আহত কাইয়ুম মল্লিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হালিমা বেগম ও সুমি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ঘটনার পর কচুয়া থানা পুলিশ অভিযান চালিয়ে হামলায় জড়িত থাকার অভিযোগে রমজান (২৩), লামিয়া (১৯) ও ফাতেমা (৪৫) নামের তিনজনকে আটক করে পুলিশ হেফাজতে নেয়।
কচুয়া থানা পুলিশ জানায়, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.