ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের তালমার মোড়ে প্রায় ১৫৫ একর জমির ওপর প্রতিষ্ঠিত সরকারি দুগ্ধ ও গবাদিপশু উন্নয়ন খামারটি দক্ষতার সঙ্গে পরিচালিত হচ্ছে। ফরিদপুর শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত এ প্রতিষ্ঠানটি ১৯৮৫-৮৬ সালে প্রতিষ্ঠিত হয়।
খামারটির উপপরিচালক মো. ইসমাইল হোসেন জানান, প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হলো গবাদিপশুর উন্নত জাত সম্প্রসারণ, ন্যায্যমূল্যে সাধারণ মানুষের মধ্যে খাঁটি দুধ সরবরাহ, উন্নত জাতের ঘাসের কাটিং আগ্রহী খামারিদের মধ্যে বিনামূল্যে বা স্বল্পমূল্যে বিতরণ এবং গবাদিপশু পালনে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া।
তিনি বলেন, আগ্রহী খামারি, এনজিও কর্মী, বেকার যুবক ও শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি কৃত্রিম প্রজননের মাধ্যমে আশপাশের খামারিদের গবাদিপশুর জাত উন্নয়নে পরামর্শ দেওয়া এবং ব্যক্তি ও খামার পর্যায়ে আধুনিক দুগ্ধ খামার স্থাপনে উৎসাহিত করা হচ্ছে।
খামারটিতে বর্তমানে মোট ৬৭ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন বলে জানান উপপরিচালক ইসমাইল হোসেন।
তবে প্রতিষ্ঠানটির উন্নয়ন ও কার্যক্রম আরও গতিশীল করতে বেশ কিছু সমস্যা দ্রুত সমাধান করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে পুনরায় সীমানাপ্রাচীর নির্মাণ, উন্নত ড্রেনেজ ব্যবস্থা চালু, খামারের বিভিন্ন স্থাপনা সংস্কার, আবাসিক ভবন ও গুদামঘর নির্মাণ এবং অভ্যন্তরীণ বিদ্যুৎ সংযোগসহ প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, বর্তমান উপপরিচালক মো. ইসমাইল হোসেন দায়িত্ব নেওয়ার পর থেকে খামারটি দক্ষতার সঙ্গে পরিচালনা করছেন। এলাকার কেউ কোনো বিষয়ে পরামর্শ নিতে গেলে তিনি সহযোগিতা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। স্থানীয়দের বিভিন্ন সমস্যায়ও তিনি সাধ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেন বলে জানান তারা।
স্থানীয়দের প্রত্যাশা, প্রয়োজনীয় অবকাঠামোগত সমস্যাগুলো দ্রুত সমাধান করা হলে সরকারি এ দুগ্ধ ও গবাদিপশু উন্নয়ন খামারটি আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে। একই সঙ্গে আশপাশের খামারি ও বেকার যুবকদের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.