কাঠালিয়া প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়ায় ব্যবসায়ী ও তাঁর দুই ছেলেকে কুপিয়ে আহত করার ঘটনায় অভিযুক্ত রাজা ফকিরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন কচুয়া বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা। এ সময় প্রায় এক ঘণ্টা দোকানপাট বন্ধ রেখে কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা।
রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে রাজাপুর-কাঠালিয়া প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে কচুয়া বাজারে দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ মিছিল করেন ব্যবসায়ীরা।
মানববন্ধনে বক্তব্য দেন কচুয়া বাজার সমিতির সভাপতি মো. মোস্তফা হেলাল কিরন, সাধারণ সম্পাদক মো. রিপন, উপজেলা হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের নেতা তপন কুমার হালদারসহ ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।
বক্তারা বলেন, প্রকাশ্যে একজন ব্যবসায়ী ও তাঁর দুই ছেলেকে কুপিয়ে আহত করার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কচুয়া বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
স্থানীয়দের অভিযোগ, গত শুক্রবার দুপুরে অন্য দোকান থেকে সিগারেট এনে না দেওয়াকে কেন্দ্র করে ফারুক ফকিরের ছেলে রাজা ফকির ক্ষিপ্ত হন। একপর্যায়ে তিনি ব্যবসায়ী সমীর চক্রবর্তী ও তাঁর দুই ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন।
ঘটনার পরপরই রাজা ফকিরকে আটক করে পুলিশ। এ ঘটনায় আহত ব্যবসায়ী সমীর চক্রবর্তীর স্ত্রী রীনা রানী বাদী হয়ে রাজা ফকিরসহ দুজনকে আসামি করে কাঠালিয়া থানায় মামলা করেছেন।
ব্যবসায়ীরা বলেন, শুধু মামলা ও আটক করলেই হবে না। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কচুয়া বাজারে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.