মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে নিষিদ্ধ কেওড়া জল ও ফিজিশিয়ান স্যাম্পল জব্দ করা হয়েছে।
সোমবার দুপুরে গাংনী বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অ. দা.) মোহাম্মদ মামুনুল হাসান।
অভিযান সূত্রে জানা যায়, প্রয়োজনীয় সনদ ছাড়াই এবং নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার করে খাদ্যসামগ্রী তৈরির অভিযোগে জসিম হাওলাদারের ‘নান্না বিরিয়ানি হাউস’কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ না থাকা ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি ও সংরক্ষণের অভিযোগে সোহাগ আলীর ‘মেসার্স সোহাগ মেডিসিন কর্নার’কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ৬০০ বোতল নিষিদ্ধ কেওড়া জল ধ্বংস করা হয়। এছাড়া প্রায় এক লাখ টাকা মূল্যের ফিজিশিয়ান স্যাম্পল জব্দ করে সিভিল সার্জন কার্যালয়ে দাতব্য চিকিৎসা কার্যক্রমের জন্য দেওয়া হয়েছে বলে জানান সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা, যথাযথভাবে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণ এবং ফিজিশিয়ান স্যাম্পল ক্রয়-বিক্রয় না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন নিরাপদ খাদ্য কর্মকর্তা (অ. দা.) রিয়াজ মাহমুদ, গাংনী স্যানিটারি ইন্সপেক্টর মো. মসিউর রহমান, জেলা পুলিশের একটি দল এবং র্যাব-১২-এর একটি দল।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.