আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নকে শিশুশ্রমমুক্ত ও শিক্ষা থেকে পিছিয়ে পড়ামুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় সখিপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ উপলক্ষে ঘোষণা ও উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে এবং সুশীলন দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান।
সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে.এম. রেজাউল করিম, ইউপি সদস্য মোখলেছুর রহমান ও সখিপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সাজু পারভিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে জানানো হয়, সখিপুর ইউনিয়নে শিশুশ্রমের সঙ্গে সম্পৃক্ত শিশুদের তালিকা করে তাদের মোটিভেশন ও প্রয়োজনীয় সহযোগিতার মাধ্যমে পুনরায় পড়াশোনায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। তবে এখনও যারা শিশুশ্রমে যুক্ত রয়েছে, তাদেরও শিক্ষা ব্যবস্থায় ফিরিয়ে আনার কার্যক্রম অব্যাহত রয়েছে।
বক্তারা বলেন, শিশুশ্রম বন্ধ করে শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব। শিশুদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে তাদের শ্রমে না পাঠিয়ে বিদ্যালয়ে পাঠানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।
পরে অনুষ্ঠানের সভাপতি সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে সখিপুর ইউনিয়নকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করেন।
অনুষ্ঠানে শিশুশ্রম থেকে মুক্ত হয়ে পড়াশোনায় ফিরে আসা শিশুদের অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.