ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত আত্রাই উপজেলার ১১ প্রবাসীর রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় আত্রাই মদীনাতুল উলুম মাদ্রাসার আয়োজনে এ খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এএফএম মনসুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের বড় অবদান রয়েছে। এসব রেমিট্যান্সযোদ্ধা জীবনের ঝুঁকি নিয়ে বিদেশের মাটিতে কাজ করছেন। সম্প্রতি সৌদি আরবে ১৬ জন বাংলাদেশি অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়ায় আমরা গভীরভাবে শোকাহত। তাঁদের মধ্যে আত্রাইয়ের ১১ জনের মরদেহ দ্রুত সময়ের মধ্যে এলাকায় ফিরিয়ে আনার বিষয়ে তিনি কাজ করছেন বলেও জানান।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান ও আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম।
দোয়া পরিচালনা করেন সান্তাহার মাদ্রাসার শিক্ষা সচিব ও মুহাদ্দিস মুফতি রুহুল আমিন। এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, মো. নেয়ামত আলী বাবু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলমসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৯ আগস্ট সন্ধ্যায় সৌদি আরবের রিয়াদ শহরের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৬ জন বাংলাদেশি নিহত হন। তাঁদের মধ্যে ১১ জনই নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
মাহফিলে নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য বিশেষ দোয়া করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.