বাগেরহাট প্রতিনিধি
আইএমইআই (IMEI) নম্বর পরিবর্তন করে চোরাই মোবাইল ফোন বেচাকেনার অভিযোগে বাগেরহাটে একটি চক্রের চার সদস্যকে আটক করেছে জেলা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন সময় চুরি, ছিনতাই ও ডাকাতি হওয়া আইএমইআই পরিবর্তন করা বিভিন্ন ব্র্যান্ডের ৫৯টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৪ আগস্ট) রাতে ফকিরহাট মডেল থানার একটি অভিযানিক দল ফকিরহাট বাজারের পুষ্প টেলিকমে অভিযান চালায়। এ সময় চক্রের চার সদস্যকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও তিনজন কৌশলে পালিয়ে যায়।
আটক ব্যক্তিদের মধ্যে রেজাউর রহমান পলাশের বিরুদ্ধে একটি নিয়মিত চুরি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটক সবাই বাগেরহাটের বিভিন্ন উপজেলার বাসিন্দা।
পুলিশ সুপার জানান, আইএমইআই পরিবর্তনের মাধ্যমে চোরাই ও ছিনতাই হওয়া মোবাইল ফোনের পরিচয় গোপন করে বিক্রি করত চক্রটি। এ ঘটনায় জড়িত অন্য সদস্যদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.