সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বয়রাগাদী ইউনিয়ন কাজী অফিসে আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা বেগম।
মঙ্গলবার (২৫ আগস্ট) পরিদর্শনকালে কাজী অফিস থেকে মোহরানা বাবদ আদায়কৃত ফি-এর রশিদ বহি এবং আইনবহির্ভূতভাবে ছাপানো ফি আদায় বহি জব্দ করা হয়।
পরিদর্শনকালে সরকারি সরবরাহকৃত ফি রশিদ বহি থাকা সত্ত্বেও নিজস্ব উদ্যোগে ছাপানো রশিদ বহি ব্যবহার করা হচ্ছে কেন—এ বিষয়ে কাজী মো. দেলোয়ার হোসেন চাকলাদারের কাছে জানতে চান কর্মকর্তারা। তবে এ বিষয়ে তিনি সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি বলে জানা গেছে।
এ ছাড়া ২০২৫ সালের জুন মাসের পর থেকে আদায়কৃত ফি যথাযথভাবে জমা ও হালনাগাদ না করার বিষয়েও কাজীর কাছে জানতে চাওয়া হয়। এ বিষয়েও তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, বাল্যবিবাহ প্রতিরোধের পাশাপাশি বিবাহ ও মোহরানা বাবদ আদায়কৃত সরকারি রাজস্ব যথাযথভাবে রাষ্ট্রীয় কোষাগারে জমা নিশ্চিত করতে কাজী অফিসগুলোতে এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে।
পরিদর্শনকালে কর্মকর্তারা সরকারি বিধিবিধান যথাযথভাবে অনুসরণ, আদায়কৃত ফি ও রাজস্বের সঠিক হিসাব সংরক্ষণ এবং স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.