জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট সদর উপজেলার একটি আখক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির গলিত মরদেহের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার জিতারপুর এলাকার একটি আখক্ষেত থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে জিতারপুর এলাকার একটি আখক্ষেতে কঙ্কাল পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে জয়পুরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে। পরে পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয়দের ধারণা, ওই ব্যক্তিকে হত্যার পর মরদেহটি অনেক আগেই আখক্ষেতে ফেলে রাখা হতে পারে। দীর্ঘদিন পড়ে থাকায় মরদেহের মাংস পচে গিয়ে শুধু কঙ্কাল অবশিষ্ট রয়েছে। তবে এটি পুরুষ নাকি নারীর কঙ্কাল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
জয়পুরহাট সদর থানার ওসি (তদন্ত) আবু শাহীন কাদির জানান, মরদেহ পচে গিয়ে কেবল কঙ্কাল অবশিষ্ট থাকায় এটি পুরুষ না নারী, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ ও পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এদিকে উদ্ধার হওয়া কঙ্কালটি সম্প্রতি নিখোঁজ হওয়া অটোভ্যান চালক ফরিদ হোসেনের বলে দাবি করেছে তাঁর পরিবার। কঙ্কালের সঙ্গে থাকা পোশাক দেখে পরিবারের সদস্যরা এটি ফরিদের বলে দাবি করেন।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল ইসলাম জানান, গত ২০ আগস্ট সকালে ক্ষেতলাল উপজেলার হোপীরহাট গ্রামের ফরিদ হোসেন অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। এ ঘটনায় তাঁর পরিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার পাকার মাথা এলাকার একটি গ্যারেজ থেকে ফরিদের অটোভ্যানটি উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া কঙ্কালটি নিখোঁজ অটোভ্যান চালক ফরিদের কি না, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.