আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় ভুয়া পুলিশ পরিচয় দিয়ে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী।
মঙ্গলবার (২৫ আগস্ট) বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন আগৈলঝাড়া উপজেলার উত্তর চাঁদত্রিশিরা এলাকার গৃহবধূ মুক্তা বেগম (৪৯)।
মামলায় অভিযুক্ত করা হয়েছে আগৈলঝাড়া উপজেলার বড় বাসাইল গ্রামের বেলায়েত হাওলাদারের ছেলে আকাশ হাওলাদার (৩৫) ও উত্তর চাঁদত্রিশিরা এলাকার ফয়জুদ্দিন খানের ছেলে বাবুল খান (৪০)সহ অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে।
মামলার অভিযোগে বলা হয়, মুক্তা বেগমের স্বামী প্রায় তিন বছর ধরে সৌদি আরবে অবস্থান করছেন। তিনি বাড়িতে আট বছরের নাবালিকা কন্যাকে নিয়ে থাকেন। আসামিরা আগে থেকেই বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছিল। রাজি না হওয়ায় তারা অপপ্রচারসহ নানাভাবে ক্ষতির চেষ্টা করে।
গত ৯ আগস্ট বিকেলে বাদী ও তার কন্যা দুপুরের খাবার শেষে ঘুমাচ্ছিলেন। এ সময় আসামিরা দরজায় কড়া নাড়লে বাদী জেগে উঠে পরিচয় জানতে চান। এক নম্বর আসামি নিজেকে পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলেন। দরজা খুলতেই এক ও দুই নম্বর আসামি জোর করে ভেতরে ঢুকে পড়ে। এরপর এক নম্বর আসামি বাদীর মুখ চেপে ধরে বারান্দার খাটে শুইয়ে শ্লীলতাহানি করেন এবং হত্যার ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালান। অন্য আসামিরা দরজায় পাহারা দেয়। বাদীর চিৎকারে পাশের লোকজন এগিয়ে এলে আসামিরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগী আগৈলঝাড়া থানায় মামলা করতে গেলে তদন্তের নামে সময়ক্ষেপণ করা হয় বলে অভিযোগ। পরে স্বজনদের পরামর্শে তিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নালিশী দরখাস্ত দেন।
আদালত অভিযোগ আমলে নিয়ে প্রয়োজনীয় তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নিতে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছেন।
এ বিষয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুসংকর মল্লিক বলেন, ‘বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.