শাহীন আহমেদ, ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে পদ্মার শাখা নদীতে গোসল করতে গিয়ে মারিয়া (১০) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে সখিপুরের মাধু সরকারের কান্দি ৫ নম্বর ওয়ার্ডের স্টেশন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ মারিয়া গত মঙ্গলবার নানাবাড়িতে বেড়াতে আসে। বুধবার দুপুরে সে আরও দুই শিশুর সঙ্গে স্থানীয় পদ্মার শাখা নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে তিন শিশু পানিতে ডুবে গেলে স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করতে সক্ষম হলেও মারিয়াকে খুঁজে পাওয়া যায়নি।
ঘটনার পর স্থানীয়দের সহায়তায় নদীতে ব্যাপকভাবে খোঁজাখুঁজি শুরু হয়। প্রায় তিন ঘণ্টা ধরে চেষ্টা চালিয়েও শিশুটির সন্ধান না পাওয়ায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে তল্লাশি শুরু করে।
ভেদরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আমির হোসেন বলেন, ‘খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শিশুটিকে উদ্ধারে নদীতে তল্লাশি শুরু করেছে। নদীর স্রোত ও পানির গভীরতা বিবেচনায় নিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।’
নিখোঁজ শিশুর বাবা কাশেম বলেন, ‘মারিয়া গতকাল নানাবাড়িতে বেড়াতে এসেছিল। আজ গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছে। অনেক খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। আমরা দ্রুত তাকে উদ্ধার করার জন্য সবার সহযোগিতা চাই।’
শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়রাও নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.