শামসুল হক ভূঁইয়া, গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে মেলা বন্ধের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। তবে নির্দেশের পরও মাঠে রয়ে গেছে মেলার অস্থায়ী স্থাপনা ও বিভিন্ন সরঞ্জাম। এরই মধ্যে মেলা আয়োজন নিয়ে হাইকোর্টে রিট পিটিশন করা হয়েছে। এসবের মধ্যেই মাঠের ফাঁকা জায়গায় ফুটবলসহ বিভিন্ন খেলাধুলায় ফিরতে শুরু করেছে স্থানীয় শিশু-কিশোরেরা।
বুধবার (২৬ আগস্ট) সরেজমিনে দেখা যায়, রাজবাড়ী মাঠের বিভিন্ন অংশে মেলার স্টল, কাঠামো ও অন্যান্য সরঞ্জাম পড়ে রয়েছে। এসবের ফাঁকে থাকা খোলা জায়গায় স্থানীয় কিশোরেরা ফুটবলসহ নানা খেলাধুলায় ব্যস্ত সময় কাটাচ্ছে। এতে মাঠটির স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার আকাঙ্ক্ষার বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাজবাড়ী মাঠটি দীর্ঘদিন ধরে শিশু-কিশোরদের খেলাধুলা, শরীরচর্চা এবং স্থানীয় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। মেলার সরঞ্জাম ও অস্থায়ী স্থাপনা দ্রুত সরিয়ে মাঠটি পুরোপুরি উন্মুক্ত করার দাবি জানিয়েছেন তারা।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজির হাসান বলেন, “মেলা বন্ধের নির্দেশনা দেওয়ার পর মাঠে থাকা মেলার সরঞ্জাম ও অস্থায়ী স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করছি, দ্রুতই মাঠটি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হবে।”
হাইকোর্টে করা রিট পিটিশনের বিষয়ে তিনি বলেন, “রিট পিটিশনের বিষয়টি আমরা জেনেছি। বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে। আইনগত দিক পর্যালোচনা করে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “রাজবাড়ী মাঠের ব্যবহার নিয়ে সাধারণ মানুষের আগ্রহ ও প্রত্যাশার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। জনস্বার্থ, মাঠের ঐতিহ্য এবং শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ—সবকিছু বিবেচনায় নিয়েই পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।”
এদিকে রাজবাড়ী মাঠে মেলা আয়োজন নিয়ে আইনি জটিলতাও সামনে এসেছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন নং ১১৮৮৮/২০২৬-এর বিষয়ে একটি নোটিশ জারি হয়েছে। এতে বাংলাদেশ সরকারের পক্ষে গাজীপুরের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
গত ২৩ আগস্ট অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে গৃহীত নোটিশে সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে একটি আবেদন হাইকোর্ট বিভাগের ১৪ নম্বর আদালতে উপস্থাপনের কথা উল্লেখ রয়েছে। পিটিশনারের পক্ষে নোটিশে স্বাক্ষর করেছেন সিনিয়র অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম।
এর আগে রাজবাড়ী মাঠে দীর্ঘমেয়াদি মেলা বন্ধের দাবিতে নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপি গ্রহণের পর গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া জানিয়েছিলেন, রাজবাড়ী মাঠে আর কোনো মেলা অনুষ্ঠিত হবে না। মাঠটি জানাজার নামাজ, ঈদের জামাত ও খেলাধুলার জন্য ব্যবহৃত হবে।
জেলা প্রশাসনের এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, দ্রুত মেলার সব সরঞ্জাম ও অস্থায়ী স্থাপনা সরিয়ে ঐতিহাসিক রাজবাড়ী মাঠটি পুরোপুরি উন্মুক্ত করে দেওয়া হবে। এতে শিশু-কিশোরদের খেলাধুলা, শরীরচর্চা এবং সাধারণ মানুষের স্বাভাবিক ব্যবহারের জন্য মাঠটি আবারও প্রাণ ফিরে পাবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.