ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুছ অনুষ্ঠিত হয়েছে। ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির আয়োজনে বুধবার (২৬ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত এ জশনে জুলুছে বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে জশনে জুলুছটি বের হয়ে কলেমা খচিত পতাকা ও ফেস্টুন নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহিম স্কুল মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’, ‘নারায়ে রিসালাত, ইয়া রাসুলুল্লাহ’সহ বিভিন্ন ধর্মীয় স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির সভাপতি ও তুলাগ্রাম দরবার শরীফের পীর সাহেব শাহ সুফী আলহাজ হযরত কোরবান আলী আল-চিশতী নিজামীর সভাপতিত্বে জশনে জুলুছে উপস্থিত ছিলেন ভাটি লক্ষ্মীপুর খানকায়ে চিশতীয়া রশীদিয়া দরবার শরীফের গদীনশীন পীর হযরত খাজা শাহ সুফী মো. আব্দুস সামাদ আল চিশতী, ডোমরাকান্দি দরবার শরীফের পীর সাহেব সাজ্জাদ হোসেন রনী আল-চিশতী সাবেরী, পীরজাদা মো. সাহিদ মোল্লা আল চিশতী নিজামী, পীরজাদা মো. নুরুল ইসলাম আল চিশতী নিজামী, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, বাউল ফকির আবুল সরকার, ফরিদপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আমির হোসেন মাসুদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ফিরোজ আহমেদসহ আয়োজক কমিটির নেতৃবৃন্দ, আলেম-ওলামা ও বিপুলসংখ্যক মুসল্লি।
জশনে জুলুছ থেকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষা অনুসরণের আহ্বান জানানো হয়।
আয়োজকরা বলেন, মহানবী (সা.)-এর আগমন মানবজাতির জন্য শান্তি, কল্যাণ ও হেদায়েতের বার্তা নিয়ে এসেছে। তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।
পরে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন তুলাগ্রাম দরবার শরীফের পীর সাহেব শাহ সুফী আলহাজ হযরত কোরবান আলী আল-চিশতী নিজামী।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.