জামালপুর প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এক শিক্ষার্থী ও তাঁর সহপাঠীদের ওপর মাদক ব্যবসায়ীদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ও তাঁদের পরিবারের পক্ষ থেকে এসব অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষার্থী রাফি আহমেদ বলেন, চলতি বছরের এপ্রিল মাসে বিশ্ববিদ্যালয়ের ছুটিতে বাড়িতে এসে এলাকায় মাদকের বিস্তার দেখতে পান তিনি। এরপর মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানকে সঙ্গে নিয়ে এলাকায় মাদকবিরোধী প্রচারণা চালান। এর কিছুদিন পর মাদারগঞ্জ থানা পুলিশ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। পরে তারা জামিনে বেরিয়ে এসে আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ করেন তিনি।
রাফি আহমেদ আরও অভিযোগ করেন, চলতি আগস্ট মাসে ছুটিতে বাড়িতে আসার পর গত ২৩ আগস্ট মাদারগঞ্জ উপজেলার জোনাইল নয়াপাড়া গ্রামের সাঈদ, মনির ও সেলিম সরকারসহ কয়েকজন তাঁর ও সহপাঠীদের ওপর হামলা চালান। এতে তাঁরা গুরুতর আহত হন।
ঘটনাটি পুলিশকে জানালে থানায় অভিযোগ দিতে বলা হয় বলে দাবি করেন ভুক্তভোগীরা। পরে ওইদিনই মাদারগঞ্জ থানায় অভিযোগ দায়ের করতে গেলে থানার সামনেও অভিযুক্তরা তাঁদের ওপর হামলা চালিয়ে মারধর করেন বলে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে রাফি আহমেদ কান্নায় ভেঙে পড়ে বলেন, মাদকের বিরুদ্ধে কথা বলায় তাঁরা হামলার শিকার হয়েছেন। তিনি ও তাঁর সহপাঠীরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাঁদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে রাফি আহমেদ ছাড়াও হামলার শিকার মো. বিপুল, আব্দুল্লাহ আল মাহিম এবং রাফির বাবা মো. আসাদ বক্তব্য দেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও তাঁদের পরিবারের সদস্যরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.