গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার বাউরগাতী ফুটবল চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে বড় দুলালী স্পোর্টিং ক্লাবকে ৭-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সুমন স্মৃতি একাদশ।
বুধবার (২৬ আগস্ট) বিকেল ৪টা ২০ মিনিটে উপজেলার ২০ নম্বর পূর্ব বাউরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাঁকজমকপূর্ণ পরিবেশে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। ৯০ মিনিটের খেলায় শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও শেষ পর্যন্ত বড় ব্যবধানে জয় পায় সুমন স্মৃতি একাদশ।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ২ নম্বর বার্থী ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং টুর্নামেন্টের তত্ত্বাবধায়ক মো. শহিদুল ইসলাম সাদী মীর, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম. জুলফিকার, সাবেক সাধারণ সম্পাদক মো. হানিফ সরদার ও এম. আলম, ইউপি সদস্য ও সাংবাদিক বদরুজ্জামান খান সবুজ, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মজিবর বয়াতি এবং সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ইত্তেসাম পারভেজ।
প্রজন্ম বাউরগাতীর আয়োজনে মাসব্যাপী এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে মোট আটটি দল অংশগ্রহণ করে। এলাকার বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি সৈয়দ রিয়াজুল করিমের পৃষ্ঠপোষকতা ও ব্যবস্থাপনায় টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হয়। পাওয়ারপ্লাসের স্পন্সরশিপে মাসব্যাপী এ আয়োজন পরিচালিত হয়।
টুর্নামেন্ট আয়োজনে আরও সহযোগিতা করেন বিশিষ্ট সমাজসেবক এমদাদুল হক টুকু শরীফ ও সৈয়দ শামসুল আলম আলী মীর।
খেলাকে ঘিরে মাঠজুড়ে দর্শকদের ব্যাপক উপস্থিতি ছিল। ফাইনাল ম্যাচটি উপভোগ করতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাঠে জড়ো হন। আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.