আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় ড. জন নিহার বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠান ও সম্পত্তি রক্ষা, পরিচালক-কর্মীদের নিরাপত্তা নিশ্চিত এবং কথিত দখল, ভাঙচুর, লুটপাট ও হয়রানির ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে আগৈলঝাড়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ট্রাস্টের পক্ষে লিখিত বক্তব্যে মঞ্জু বালা ও মাজহারুল ইসলাম নিপুর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়।
লিখিত বক্তব্যে বলা হয়, প্রতিষ্ঠানের নিয়মবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২৪ সালের ২৪ এপ্রিল মঞ্জু বালা ও মাজহারুল ইসলাম নিপুকে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হয়। এরপর থেকেই প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া এবং এর সম্পত্তি দখলের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে অভিযোগ করেন ট্রাস্ট কর্তৃপক্ষ।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব থেকে সাত লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানের বিভিন্ন মালামাল লুট ও ভাঙচুরের ঘটনায় ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। ট্রাস্ট কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, ভাঙচুর ও মালামাল ক্ষয়ক্ষতির পরিমাণ যথাক্রমে প্রায় ৫৬ লাখ ও ৪২ লাখ টাকা।
এ সময় আরও অভিযোগ করা হয়, ট্রাস্টের পরিচালক ও কর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের এবং বিভিন্নভাবে হুমকি দিয়ে হয়রানি করা হচ্ছে। এতে প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি কর্মীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে দাবি করা হয়।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, মঞ্জু বালা প্রয়াত ড. জন নিহার বিশ্বাসের স্ত্রী দাবি করে একটি কথিত বিবাহ সনদের মাধ্যমে ওয়ারিশ হওয়ার আবেদন করেন। এ বিষয়ে চেয়ারম্যানের গণশুনানি অনুষ্ঠিত হলেও যথাযথ প্রমাণ না পাওয়ায় তাকে ওয়ারিশ সনদ দেওয়া হয়নি বলে দাবি করে ট্রাস্ট কর্তৃপক্ষ।
এ ছাড়া আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ, কর্মীদের দায়িত্ব পালনে বাধা, ভাঙচুর এবং প্রতিষ্ঠানের সম্পত্তি দখলের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়।
ট্রাস্ট কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটির কার্যক্রমের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬০০ থেকে ৭০০ পরিবার নির্ভরশীল। এছাড়া ট্রাস্টের ১৮ জন কর্মী ও তাদের পরিবারও প্রতিষ্ঠানটির ওপর নির্ভরশীল। ফলে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ হয়ে গেলে বিপুলসংখ্যক মানুষের জীবিকা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
সংবাদ সম্মেলন থেকে ট্রাস্টের সম্পত্তি ও প্রতিষ্ঠান রক্ষা, পরিচালক ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত, উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন ট্রাস্টের কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.