গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের টরকীচর বেদে পল্লীতে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের চারটি বসতঘর ও আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। এছাড়া একটি দোকানঘর ও একটি রান্নাঘরে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। হামলায় পাঁচ নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে পৃথক সময়ে এসব ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বেদে দিপু মিয়ার স্ত্রী সাবিনা ইয়াসমিন গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেদে পল্লীর সরদার নাসির সরদারের মেয়ে সোনালী বেগমকে প্রায় সাত বছর আগে বেদে দিপু মিয়ার ছেলে নিলয় মিয়া বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। সম্প্রতি সোনালী তার পাঁচ বছর বয়সী ছেলে কারিমকে রেখে বাবার বাড়িতে চলে গেলে দুই পরিবারের মধ্যে বিরোধ আরও তীব্র হয়।
নিলয়ের অভিযোগ, স্ত্রীর পরকীয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে প্রায়ই দাম্পত্য কলহ হতো। এর জের ধরে বুধবার সন্ধ্যা ও রাতে নাসির সরদার ও তার লোকজন তাদের বাড়িতে হামলা চালিয়ে রান্নাঘর ও দোকানঘরে অগ্নিসংযোগ করেন। পরে গৌরনদী ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে দাবি করেন তিনি।
তবে নাসির সরদার অভিযোগ অস্বীকার করে বলেন, তার মেয়েকে মিথ্যা অপবাদ দিয়ে দিপু মিয়া ও তার জামাতা নিলয় বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। এর জের ধরে বৃহস্পতিবার সকালে দিপু মিয়ার লোকজন তার ও তার বোন নাসরিনের ঘরের টিনের বেড়া ভাঙচুর এবং তাদের মারধর করে।
অন্যদিকে দিপু মিয়া অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার সকালে নাসির সরদার ৪০ থেকে ৫০ জন লোক নিয়ে তার ও তার বড় ভাই ইত্তি মিয়ার ভবনে হামলা চালান। তারা ঘরে ঢুকে দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর এবং মালামাল লুট করে নিয়ে যায়। এতে বাধা দিতে গেলে তার ছোট ভাই চঞ্চল (৩২), বড় ভাই ইত্তি (৪৫), ভাতিজা আরিফ সরদার (৩৫), জিহাদ (১২), মিলি বেগম (২৬), মিঠু মিয়া (৫০), টুনি বেগম (২৭) ও লুৎফুন নেছা (৬৫) আহত হন। গুরুতর আহত চঞ্চল ও জিহাদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, খবর পেয়ে বুধবার রাতে এবং বৃহস্পতিবার দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বেদে দিপু মিয়ার স্ত্রী সাবিনা ইয়াসমিন বুধবার রাতে থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.