আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটার ভাতশালা গ্রামকে মাদকমুক্ত করা এবং পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে সচেতনতা সভা ও বৃক্ষচারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৫টায় ভাতশালা গ্রামে অনিকেত আলাম ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৪০০ পরিবারের মাঝে লিচুর চারা বিতরণ করা হয়।
অনিকেত আলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান অনিকেত আলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন। বিশেষ অতিথি ছিলেন ভাতশালা বিজিবি ক্যাম্পের কমান্ডার লোকমান হোসেন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, দেবহাটা সদর ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল জলিল, সমাজসেবক বাবলু বিশ্বাস ও সাবেক ইউপি সদস্য কামরুল ইসলাম।
ফাউন্ডেশনের পরিচালক অনিকেত আলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ফলদ গাছ রোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক নিরাপত্তাও নিশ্চিত করা সম্ভব।
প্রধান অতিথির বক্তব্যে ওসি এইচ এম শাহীন বলেন, “মাদক আমাদের সমাজ ও একটি পরিবারের জন্য অভিশাপ। সবার সচেতনতা ছাড়া মাদক নির্মূল করা সম্ভব নয়। অভিভাবকদের আরও সচেতন হয়ে সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”
তিনি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের সতর্ক করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ সবসময় তৎপরতার সঙ্গে অভিযান পরিচালনা করছে। একই সঙ্গে যারা মাদকের সঙ্গে জড়িত, তাদের ভালো পথে ফিরে আসার আহ্বান জানান তিনি।
পরে অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে লিচুর চারা বিতরণ করা হয়।
অনিকেত আলাম ফাউন্ডেশন সূত্রে জানা যায়, ২০১৯ সাল থেকে সংগঠনটি এ পর্যন্ত ৬ হাজারের বেশি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেছে। এছাড়া প্রতি মাসের ৬ তারিখে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও স্বাস্থ্যসেবা দেওয়া হয়। নারীদের আয় বৃদ্ধির লক্ষ্যে প্রতি মাসে ২০ জন নারীকে বিনামূল্যে হাঁসের বাচ্চাও দেওয়া হয় ফাউন্ডেশনের পক্ষ থেকে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.