আর.কে.বাপ্পা,দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল আলিম (৫০) নামে এক মৎস্য ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত বাসটি আটক করেছে পুলিশ। তবে বাসের চালক পালিয়ে গেছে।
নিহত আব্দুল আলিম দেবহাটা উপজেলার রামনাথপুর মাঠপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ব্যবসায়িক কাজে গাজীরহাট বাজারে যান আব্দুল আলিম। কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ির দিকে ফেরার পথে দেবীশহর এলাকায় বিপরীত দিক থেকে আসা কাজী এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটির রেজিস্ট্রেশন নম্বর সিরাজগঞ্জ-ব-১১-০০৮৬। বাসটি কালীগঞ্জ থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিল।
সংঘর্ষে আব্দুল আলিম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরার ব্লীজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি আটক করেছে। তবে পুলিশ পৌঁছানোর আগেই চালক পালিয়ে যায়। নিহতের মোটরসাইকেলটিও পুলিশ হেফাজতে রয়েছে।
ওসি আরও বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.