নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে দিঘিতে গোসল করতে নেমে পানিতে ডুবে তৌফিক এলাহি মেঘ (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার সরস্বতীপুর বাজার দিঘিতে এ ঘটনা ঘটে।
নিহত তৌফিক এলাহি মেঘ রংপুরের বীরগঞ্জ উপজেলার চকরা গ্রামের মো. আব্দুল হাকিম মিয়ার ছেলে। সে সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, তৌফিকের বাবা হাকিম মিয়া পল্লী শিশু ফাউন্ডেশনের চৌমাশিয়া (নওহাটা মোড়) শাখায় কর্মরত। চাকরির সুবাদে তিনি সরস্বতীপুর বাজারের একটি বাসায় ভাড়া থাকতেন। বাবার সঙ্গে সেখানে থাকত তৌফিকও।
শুক্রবার সকালে বন্ধুদের সঙ্গে সরস্বতীপুর স্কুল মাঠে ফুটবল খেলতে যায় তৌফিক। খেলা শেষে বেলা সাড়ে ১০টার দিকে বন্ধুদের সঙ্গে সরস্বতীপুর বাজার দিঘিতে গোসল করতে নামে। একপর্যায়ে সাঁতার না জানায় পানিতে তলিয়ে যায় সে।
গোসল শেষে বন্ধুরা পাড়ে উঠে তৌফিককে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এ সময় দিঘির পাড়ে তার জুতা পড়ে থাকতে দেখে তারা চিৎকার শুরু করে। তাদের চিৎকারে স্থানীয় ও বাজারের লোকজন ছুটে এসে পানিতে নেমে তল্লাশি চালান। একপর্যায়ে সুমন নামে এক ব্যক্তির পায়ে তৌফিকের শরীরের স্পর্শ লাগলে তাকে পানির নিচ থেকে উদ্ধার করা হয়।
পরে স্থানীয়রা দ্রুত তাকে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘বিষয়টি আপনার কাছ থেকেই প্রথম জানতে পারলাম। খোঁজ নিয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.