স্টাফ রিপোর্টার, নড়াইল
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে দুই দিনব্যাপী সুলতান উৎসবের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে সুলতান মঞ্চ চত্বরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৪০০ শিশু অংশ নেয়।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বাংলাদেশের পতাকা, ফুল-ফল, প্রকৃতি, গ্রামীণ পরিবেশ, সুলতানের প্রতিকৃতি, নৌকাবাইচসহ নানা বিষয় শিশুদের রঙতুলিতে ফুটে ওঠে। একই সঙ্গে সাংবাদিক, শিক্ষার্থী, সৌখিন আলোকচিত্রীসহ বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
এস এম সুলতান শিশু চারু ও চারুকলা ফাউন্ডেশন এবং বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক হায়দার আলী দেওয়ান, খুলনা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বিমানেশ চন্দ্র বিশ্বাস, এস এম সুলতান শিশু চারু ও চারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ, এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি, সহকারী কিউরেটর মেহেদী হাসান রানা, এস এম সুলতান ফাউন্ডেশনের আজীবন সদস্য ও নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদসহ সুলতানপ্রেমীরা।
আয়োজকরা জানান, দুই দিনব্যাপী সুলতান উৎসবে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। ‘মাটি ও মানুষের চিত্রশিল্পী’ হিসেবে খ্যাত এস এম সুলতানকে নড়াইল শহরের কুড়িগ্রামে অবস্থিত স্মৃতি সংগ্রহশালা চত্বরে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.