বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জে স্ত্রী জান্নাতী আক্তারের দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় রাকিব খান (৩০) নামে এক ব্যক্তিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে রাকিব খানের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
মামলা সূত্রে জানা গেছে, বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের হানুয়া গ্রামের জলিল খানের ছেলে রাকিব খানের সঙ্গে একই উপজেলার খোদাবক্সকাঠি গ্রামের রেজাউল হক হাওলাদারের মেয়ে জান্নাতী আক্তারের প্রায় তিন বছর আগে বিয়ে হয়। তাঁদের দেড় বছর বয়সী একটি সন্তান রয়েছে।
মামলায় জান্নাতী আক্তার অভিযোগ করেন, বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য তাঁকে চাপ দিতে থাকেন। তাঁর পরিবার যৌতুক দিতে অপারগতা প্রকাশ করলে বিষয়টি নিয়ে কয়েক দফা স্থানীয়ভাবে সালিশ-বৈঠক হয়। একপর্যায়ে যৌতুক না পেয়ে তাঁকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় জান্নাতী আক্তার বাদী হয়ে গত ১৬ মার্চ বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলা সূত্রে আরও জানা যায়, গত ১০ আগস্ট রাকিব খান আদালতে হাজির হয়ে স্ত্রী জান্নাতীকে নিয়ে সংসার করার প্রতিশ্রুতি দিলে আদালত তাঁকে জামিন দেন। তবে জামিনে মুক্ত হওয়ার পর তিনি স্ত্রী-সন্তানের সঙ্গে সংসার করতে অনীহা প্রকাশ করেন বলে অভিযোগ রয়েছে।
পরে বিষয়টি মীমাংসার জন্য আদালত মামলাটি বরিশাল জেলা লিগ্যাল এইড কার্যালয়ে পাঠান। গত ২৩ আগস্ট সেখানে মীমাংসার উদ্যোগ নেওয়া হলে রাকিব খান জান্নাতীকে নিয়ে আর সংসার করবেন না বলে জানান।
এরপর আদালত রাকিব খানকে পুনরায় তলব করেন। বৃহস্পতিবার তিনি আদালতে হাজির হলে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.