মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে জাল টাকা ছাপানোর অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি কম্পিউটার, প্রিন্টার, কিবোর্ড ও বেশ কয়েকটি জাল ১ হাজার টাকার নোট জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—কুলটিয়া ইউনিয়ন ওলামা লীগের সভাপতি ও কবিরাজ এমদাদুল হক এবং তাঁর সহযোগী আজিবুর রহমান। এ ঘটনায় এমদাদুল হক, আজিবুর রহমান ও কম্পিউটার দোকানের মালিক মফিজুর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে মফিজুর রহমানকে এখনো আটক করতে পারেনি পুলিশ।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কুলটিয়া ইউনিয়নের কালার মোড় এলাকায় একটি দুইতলা ভবনে দীর্ঘদিন ধরে কবিরাজি করতেন ডাঙ্গামহিষদিয়া গ্রামের বশির উদ্দিনের ছেলে এমদাদুল হক এবং যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামের মৃত আলতাফ বিশ্বাসের ছেলে আজিবুর রহমান। আজিবুর ডাঙ্গামহিষদিয়া বাজারে নওয়াব আলীর একটি দুইতলা বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।
স্থানীয় আশরাফুল ইসলাম, হযরত আলীসহ কয়েকজনের অভিযোগ, কবিরাজির আড়ালে এমদাদুল হক ও তাঁর সহযোগী আজিবুর রহমান দীর্ঘদিন ধরে জাল টাকা ছাপানোর সঙ্গে জড়িত ছিলেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল ইসলাম, আশরাফুল ইসলামসহ স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে কালার মোড়ে মফিজুর রহমানের কম্পিউটার দোকানে দরজা বন্ধ করে জাল টাকা ছাপানোর সময় আজিবুর রহমানকে হাতেনাতে আটক করেন এলাকাবাসী। এ সময় কৌশলে মফিজুর রহমান ও এমদাদুল হক সেখান থেকে পালিয়ে যান বলে দাবি করেন তারা।
পরে শুক্রবার সকাল ৬টার দিকে ডাঙ্গামহিষদিয়া এলাকা থেকে এলাকাবাসী এমদাদুল হককে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক দুজনকে থানায় নিয়ে যায়।
মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান হাজরা বলেন, অভিযানে আলামত হিসেবে একটি কম্পিউটার, একটি প্রিন্টার, একটি কিবোর্ড এবং বেশ কয়েকটি প্রিন্ট করা ১ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়েছে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, জিজ্ঞাসাবাদে জাল টাকা ছাপানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এমদাদুল হক, তাঁর সহযোগী আজিবুর রহমান ও কম্পিউটার দোকানের মালিক মফিজুর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে মফিজুর রহমানকে এখনো আটক করা সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.