রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
খুলনার তেরখাদায় মাদক, জুয়া, ধর্ষণসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে ‘তেরখাদা পশ্চিমপাড়া মাদকবিরোধী যুব পরিষদ’-এর ৬১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) রাতে তেরখাদার জয়সেনা বাজারের হাটখোলায় এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর প্রভাব পুরো পরিবার ও সমাজের ওপর পড়ে। মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে নানা ধরনের অপরাধ ও সামাজিক অবক্ষয়। তাই তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে পরিবার, সমাজ, রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, মাদক, জুয়া, ধর্ষণসহ সামাজিক অনাচার প্রতিরোধে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়। পাশাপাশি প্রয়োজন সামাজিক সচেতনতা, পারস্পরিক সহযোগিতা এবং অপরাধের বিরুদ্ধে স্থানীয়ভাবে প্রতিরোধ গড়ে তোলা। তরুণদের নেতৃত্বে এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
জয়সেনা বাজার নূরানী ও এতিমখানা মাদ্রাসার সভাপতি মুজিবুর রহমান শেখের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন মো. জাবের আলী।
আলোচনা সভায় বক্তব্য দেন তেরখাদা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক চৌধুরী কাওসার আলী, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. তহিদুল ইসলাম, বিএনপি নেতা সরদার আব্দুল মান্নান, সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, মোল্লা হুমাউন কবির, বিল্লাল হোসেন ও আজিজুর রহমান আজিবার।
এ ছাড়া যুবদল নেতা চৌধুরী আমিনুল ইসলাম মিলু, গোলাম মোস্তফা ভুট্টো ও অহিদ শেখ, স্বেচ্ছাসেবক দলের নেতা শামীম আহমেদ রমিজ, ছাত্রদল নেতা সাব্বির আহমেদ টগর, সাবেক ছাত্রদল নেতা রাজু শেখ, রাজু চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় জনপ্রতিনিধি, প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আলোচনা সভা শেষে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে স্থানীয় তরুণদের আরও সংগঠিত করার লক্ষ্যে ‘তেরখাদা পশ্চিমপাড়া মাদকবিরোধী যুব পরিষদ’-এর ৬১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এতে সোহেল রানাকে সভাপতি এবং সামিউল ইসলাম মিদুলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
নবগঠিত কমিটির নেতারা মাদক, জুয়া ও অন্যান্য সামাজিক অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে সুস্থ, নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.