স্টাফ রিপোর্টার, নড়াইল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদা, জাঁকজমকপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে নড়াইলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে নড়াইল শহরের চৌরাস্তা এলাকায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার এজাজুল হাসান বাবু।
সভায় আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নড়াইল জেলাজুড়ে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ভোরে জেলা ও উপজেলা পর্যায়ের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, নড়াইল জেলা সদরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ এবং দেশ ও দলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল।
সভায় উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস এম আব্দুল হক, জেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার মাহমুদুর হাসান সনি, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ, সাবেক ছাত্রদল সভাপতি ফরিদ বিশ্বাস ও সৈয়দ খোরশেদ তৌহিদ।
এ ছাড়া জেলা বিএনপি, উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা সভায় অংশ নেন।
সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.