ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগী হয়রানি বন্ধ, দালালমুক্ত পরিবেশ নিশ্চিত এবং জরুরি অবকাঠামোগত সমস্যা দ্রুত সমাধানের তাগিদ দেওয়া হয়েছে। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক গুরুত্বপূর্ণ সভায় এসব বিষয়ে আলোচনা ও বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সভায় ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, হাসপাতালের উপপরিচালক মানস কুমার কুন্ডু, সহকারী পরিচালক মো. ওমর ফয়সাল এবং ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আসিফ উল আলম উপস্থিত ছিলেন।
এ ছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মো. নজরুল ইসলাম, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবার মান আরও উন্নত করা এবং রোগী ও স্বজনদের হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে হাসপাতালের অভ্যন্তর ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং রোগীদের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
সভায় চিকিৎসার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা ও প্রয়োজনীয় যন্ত্রপাতির যথাযথ রক্ষণাবেক্ষণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং দক্ষ জনবল নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ সেবা এবং হাসপাতালে পর্যাপ্ত ওষুধ সরবরাহ নিশ্চিত করার বিষয়েও তাগিদ দেওয়া হয়।
হাসপাতাল এলাকা দালালমুক্ত করা, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং জরুরি অবকাঠামোগত সংকট দ্রুত সমাধানের বিষয়েও সভায় বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা সমন্বিতভাবে কাজ করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপদ, পরিচ্ছন্ন ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.