নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা আয়োজনের অনুমতি বাতিলকে কেন্দ্র করে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। দীর্ঘ সময় ধরে মাঠের পুরো অংশ মেলার কাজে ব্যবহারের উদ্যোগের বিরুদ্ধে স্থানীয় নাগরিক সমাজ, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের আন্দোলনের পর জেলা প্রশাসন গত ২০ আগস্ট পূর্বে দেওয়া অনুমতি বাতিল করে। এর পরই ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন মেলার আয়োজক।
এদিকে জেলা প্রশাসনের অনুমতি বাতিলের পরও মেলার জন্য নির্মিত অস্থায়ী স্থাপনা ও বিভিন্ন সরঞ্জাম মাঠে থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তবে এসব স্থাপনার মাঝের ফাঁকা জায়গায় স্থানীয় কিশোরদের খেলাধুলা করতে দেখা গেছে। তাদের দাবি, দ্রুত সব স্থাপনা সরিয়ে ঐতিহাসিক মাঠটি পুরোপুরি উন্মুক্ত করে দেওয়া হোক।
রাজবাড়ী মাঠে দীর্ঘমেয়াদি মেলা আয়োজনের উদ্যোগের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই এর বিরুদ্ধে স্থানীয়ভাবে প্রতিবাদ শুরু হয়। ‘গাজীপুর ঐতিহ্য ও উন্নয়ন’সহ নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, এনসিপি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধন শেষে নেতৃবৃন্দ গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার কাছে স্মারকলিপি দেন। স্মারকলিপিতে ঐতিহাসিক রাজবাড়ী মাঠে দীর্ঘমেয়াদি মেলা আয়োজন বন্ধ করে মাঠটি শিশু-কিশোরদের খেলাধুলা, শরীরচর্চা এবং সাধারণ মানুষের উন্মুক্ত ব্যবহারের জন্য সংরক্ষণের দাবি জানানো হয়।
নাগরিকদের দাবির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন গত ২০ আগস্ট স্মারক নম্বর ০৫.৪১.৩৩০০.০১৪.০৭.০০২.২৬.১৪৮২-এর মাধ্যমে পূর্বে দেওয়া মেলা আয়োজনের অনুমতি বাতিল করে।
জেলা প্রশাসনের নথি এবং হাইকোর্টে দাখিল করা রিট আবেদনের কাগজপত্র পর্যালোচনায় জানা যায়, ‘ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা-২০২৬’ আয়োজনের জন্য ও.এফ. এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মো. ওমর ফারুক বিপুল জেলা প্রশাসনের কাছে আবেদন করেন। আবেদনে ১৫ আগস্ট থেকে ৪৫ দিন অথবা সুবিধাজনক সময়ে মেলা আয়োজনের অনুমতি চাওয়া হয়।
পরবর্তীতে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা শাখা থেকে ২৩ আগস্ট ২০২৬ থেকে ৩০ দিনের জন্য গাজীপুরের রাজবাড়ী মাঠে মেলা আয়োজনের অনুমতি দেওয়া হয়।
অনুমতিপত্রে মেলাকে অরাজনৈতিক রাখা, সরকার ও রাষ্ট্রবিরোধী কোনো ব্যানার-ফেস্টুন না টাঙানো, পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগ, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, আশপাশের রাস্তায় দোকান না বসানো, মাদক, জুয়া, লাকি কুপন, হাউজি কিংবা অনৈতিক ও অবৈধ কার্যক্রম না করা, যানজট নিয়ন্ত্রণ, ৩৬০ ডিগ্রি সিসি ক্যামেরা স্থাপন, পৃথক প্রবেশ ও বের হওয়ার পথ, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং অগ্নিনিরাপত্তাসহ একাধিক শর্ত দেওয়া হয়।
শর্তের কোনো একটি ভঙ্গ হলে বা শর্ত পালনে ব্যর্থ হলে কারণ দর্শানো ছাড়াই মেলার কার্যক্রম বন্ধ করে দেওয়ার ক্ষমতাও প্রশাসন সংরক্ষণ করে।
হাইকোর্টে দাখিল করা রিট আবেদনে আয়োজক মো. ওমর ফারুক বিপুল দাবি করেছেন, মেলা আয়োজনের জন্য তিনি গাজীপুর জেলা ক্রীড়া সংস্থার অনুকূলে এনআরবিসি ব্যাংকের মাধ্যমে গত ৩ জুলাই ১০ লাখ টাকা জমা দেন। এরপর উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছে ১২০টি স্টল বরাদ্দ দেওয়ার কথা রিটে উল্লেখ করা হয়েছে।
রিট আবেদনে আরও দাবি করা হয়, স্টল, শেড, সংযোগ সড়কসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণে এক কোটি টাকার বেশি বিনিয়োগ করা হয়েছে। পাশাপাশি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারের কার্যালয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং গাজীপুর পল্লী বিদ্যুৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
তবে এসব দাবি রিটকারীর বক্তব্য ও দাখিল করা নথির ভিত্তিতে করা হয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে আলাদা কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জেলা প্রশাসনের অনুমতি বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেছেন মো. ওমর ফারুক বিপুল। রিটে ২০ আগস্টের বাতিল আদেশকে বেআইনি, আইনগত কর্তৃত্ববহির্ভূত ও অকার্যকর ঘোষণার আবেদন করা হয়েছে।
একই সঙ্গে ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে রাজবাড়ী মাঠে ৩০ দিনের জন্য ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা আয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্টদের সহযোগিতা করার নির্দেশনা চাওয়া হয়েছে।
রিটে বাংলাদেশ সরকারের পক্ষে গাজীপুরের জেলা প্রশাসকসহ গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার, গাজীপুরের পুলিশ সুপার, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট সহকারী কমিশনার, সহকারী কমিশনার (গোপনীয় শাখা), গাজীপুর পল্লী বিদ্যুতের উপ-মহাব্যবস্থাপক এবং গাজীপুর সদর থানার ওসিকে বিবাদী করা হয়েছে।
রিটের নোটিশে অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশের উদ্দেশে জানানো হয়েছে, সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে আবেদনটি হাইকোর্ট বিভাগের ১৪ নম্বর আদালতে উপস্থাপন করা হবে। পিটিশনারের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম নোটিশে স্বাক্ষর করেছেন।
রিট আবেদনে মেলাটিকে দেশীয় ক্ষুদ্র ও কুটির শিল্পের পণ্য প্রচার ও বাজারজাতকরণের উদ্যোগ হিসেবে তুলে ধরা হয়েছে। সেখানে টাঙ্গাইল শাড়ি, থ্রি-পিস, প্রসাধনী, ব্যাগসহ বিভিন্ন পণ্যের স্টল থাকার কথা বলা হয়।
এ ছাড়া দর্শনার্থীদের বিনোদনের জন্য নাগরদোলা, ম্যাজিক বোট ও সার্কাসসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন এবং টিকিটধারীদের জন্য দৈনিক র্যাফেল ড্রয়ের কথাও রিটে উল্লেখ করা হয়েছে। মেলায় নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা ও সিসিটিভি নজরদারির কথাও বলা হয়েছে।
আয়োজকের দাবি, দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ী ও দোকানিরা এসে মেলায় অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন এবং ইতোমধ্যে তারা অর্থ বিনিয়োগ করেছেন। অনুমতি বাতিল হওয়ায় তাদের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।
অন্যদিকে স্থানীয় নাগরিকদের মূল আপত্তি মেলার নাম বা দেশীয় পণ্যের প্রদর্শনী নিয়ে নয়; বরং ঐতিহাসিক রাজবাড়ী মাঠের পুরো অংশ দীর্ঘ সময় ধরে বাণিজ্যিক কাজে ব্যবহারের বিষয়টি নিয়ে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.