শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় দুইজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫-৭ জনের বিরুদ্ধে শ্যামনগর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগে অভিযুক্তরা হলেন—শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী গ্রামের এন্তাজ আলীর ছেলে সিদ্দিকী সরদার, ফজলুল হক খোকনের ছেলে ফরহাদ হোসেন বাবু, অহিদুজ্জামান (রাজা) এবং সিদ্দিকী সরদারের ছেলে আশরাফুল সরদার (২২)।
অভিযোগকারী জানান, তিনি পরিবার-পরিজন নিয়ে নিজ বসতবাড়িতে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। অভিযুক্তরা প্রতিবেশী হওয়ায় পূর্বশত্রুতার জেরে তার পরিবারের প্রতি বিরোধ পোষণ করে আসছিলেন।
অভিযোগে আরও বলা হয়, গত ২৭ আগস্ট সকালে অভিযুক্তরা একজোট হয়ে দেশীয় অস্ত্র লোহার রড, কোদাল, শাবল ও লাঠিসোঁটা নিয়ে বসতবাড়িতে প্রবেশ করেন। এ সময় তারা ঘরের দরজা ভাঙচুর করতে থাকেন। এতে প্রতিবাদ করলে লোহার রড, শাবল ও হাতুড়ি দিয়ে অভিযোগকারী ও তার ছেলেকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করে জখম করা হয়।
একপর্যায়ে অভিযোগকারীর স্ত্রী ছকিনা বিবি তাদের ঠেকাতে এগিয়ে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে অভিযোগকারীর ছেলের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জরুরি ভিত্তিতে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে অভিযোগকারী জানিয়েছেন।
এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, ‘বিষয়টি শুনেছি এবং অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.