ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে মুরগিবাহী পিকআপের ধাক্কায় মো. ইমরান (৪০) নামে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপের চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) রাত ২টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ২টার দিকে মুরগিবাহী দ্রুতগতির একটি পিকআপ (ঢাকা মেট্রো-ড-১২-০৭৪২) বরিশাল-কুয়াকাটা মহাসড়কের খেজুরতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় পিকআপটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই পিকআপের হেলপার মো. ইমরান নিহত হন। আহত চালকসহ আরও তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠান।
নিহত ইমরান পটুয়াখালীর দশমিনা উপজেলার বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত মমিন উদ্দিনের ছেলে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, হাইওয়ে পুলিশের সহায়তায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.