সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’—এই স্লোগানকে সামনে রেখে মাগুরার মহম্মদপুরে কৃষকদের উৎপাদিত পেঁয়াজ দীর্ঘসময় সংরক্ষণ করে ন্যায্যমূল্য নিশ্চিত করতে বিনামূল্যে এয়ারফ্লো মেশিন বিতরণ শুরু হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ২০ জন কৃষকের মধ্যে এয়ারফ্লো মেশিন বিতরণের উদ্বোধন করা হয়।
রবিবার (৩০ আগস্ট) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মো. মৈমুর আলী মৃধা, জেলা বিএনপির সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক অধ্যক্ষ (অব.) মো. মতিউর রহমান, প্রেসক্লাব মহম্মদপুরের ভারপ্রাপ্ত সভাপতি ও ইত্তেফাকের সংবাদদাতা মেহেদী হাসান পলাশ, সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, উপসহকারী কৃষি কর্মকর্তা সুস্মিতা বিশ্বাস, আফরোজা আক্তার ও প্রণব কুমার সাহাসহ অনেকে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাত জাহান শিলু বলেন, দেশে প্রতিবছর প্রায় ২ লাখ ৮৬ হাজার হেক্টর জমিতে প্রায় ৪২ লাখ টন পেঁয়াজ উৎপাদিত হয়। বিপরীতে দেশের বার্ষিক চাহিদা প্রায় ৩৫ থেকে ৩৬ লাখ টন। উৎপাদন চাহিদার তুলনায় বেশি হলেও সংরক্ষণ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে কৃষকরা অনেক সময় উৎপাদিত পেঁয়াজ দ্রুত বিক্রি করতে বাধ্য হন। এতে তারা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন।
তিনি বলেন, পেঁয়াজ সংরক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে সরকার এয়ারফ্লো মেশিন বিতরণের উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে পেঁয়াজ দীর্ঘসময় ভালোভাবে সংরক্ষণ করা সম্ভব হবে এবং কৃষকরা বাজারে ভালো দাম পাওয়ার সুযোগ পাবেন।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, মহম্মদপুর উপজেলার আটটি ইউনিয়নের জন্য মোট ১৫০টি এয়ারফ্লো মেশিন বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে প্রথম ধাপে ২০ জন কৃষকের মধ্যে মেশিন বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে অবশিষ্ট ১৩০টি মেশিনও বিতরণ করা হবে।
প্রতিটি মেশিনের জন্য সরকারি বরাদ্দ রয়েছে ২৮ হাজার ১০০ টাকা। এর মধ্যে মেশিন ক্রয়ের জন্য ২১ হাজার টাকা এবং সংরক্ষণ ঘরের মেঝে ও দেয়াল তৈরির জন্য কৃষককে ৭ হাজার টাকা দেওয়া হবে।
বিনামূল্যে এয়ারফ্লো মেশিন পেয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তারা আশা করছেন, এ প্রযুক্তির মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণ করে মৌসুমের পর ভালো দামে বিক্রি করতে পারবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.