মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিককে মারধর, আটকে রাখা এবং মোবাইল ফোন ও সংবাদ সংগ্রহের সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় এজাহারভুক্ত দুই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৩০ আগস্ট) দুপুরে মেহেরপুর শহরের নিমতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গাংনী ও মেহেরপুর থানা পুলিশ এবং মেহেরপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি যৌথ দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাজিপুর ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক মনিরুজ্জামান বিপ্লব ও রফিকুজ্জামান বাবর আলী। তারা মামলার এজাহারভুক্ত ১ ও ২ নম্বর আসামি।
এর আগে শনিবার (২৯ আগস্ট) তেঁতুলবাড়িয়া এলাকা থেকে খায়রুজ্জামান ওরফে আকামত নামে মামলার এক অজ্ঞাতনামা আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হলো।
মামলার এজাহার ও সাংবাদিকদের অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি প্রথম বর্ষের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের বই খুলে পরীক্ষা দেওয়ার দৃশ্য ধারণ করছিলেন সাংবাদিক রাব্বি আহমেদ ও তারেক হোসেন। এ সময় তাদের আটক করে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। পরে তাদের মোবাইল ফোন কেড়ে নিয়ে একটি কক্ষে আটকে রাখা হয় বলে অভিযোগ করা হয়েছে।
হামলায় আহত দুই সাংবাদিককে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তারা গাংনী থানায় গিয়ে মামলা করেন।
এ ঘটনায় দুই শিক্ষকের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮-১০ জনের বিরুদ্ধে গাংনী থানায় মামলা করা হয়। মামলাটির নম্বর ৪৬/২৬।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাদ্দিদ মোর্শেদ বলেন, “মামলার বাকি আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.