পিরোজপুর প্রতিনিধি
চাঁদা দাবির অভিযোগে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি সালাম শেখ (৫২)সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) সালাম শেখকে ঢাকা থেকে এবং অপর তিনজনকে পিরোজপুর সদর উপজেলার কদমতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্যরা হলেন কদমতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিব শেখ (২৭), ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক রাজু শেখ (৩২) এবং ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি আশরাফুল।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, চাঁদাবাজির মামলায় সালাম শেখকে ঢাকা থেকে এবং অপর তিনজনকে কদমতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, চাঁদা দাবির অভিযোগে পিরোজপুর শহরের কুমারখালী এলাকার মো. জাকির হোসেন রোববার পিরোজপুর সদর থানায় মামলাটি করেন।
মামলার এজাহারে বলা হয়, কদমতলা গ্রামে নির্মাণাধীন বিদ্যুৎ সাবস্টেশন গ্রিডে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে বালু ভরাটের কাজের চুক্তি করেন জাকির হোসেন। গত ১৩ আগস্ট থেকে তিনি সেখানে বালু ফেলার কাজ শুরু করেন।
অভিযোগে আরও বলা হয়, কাজ শুরুর পর সালাম শেখ তাকে নিজের সঙ্গে অংশীদার হওয়ার জন্য চাপ দেন। এতে রাজি না হলে প্রতি ঘনফুট (সিএফটি) বালু ফেলার বিপরীতে এক টাকা করে চাঁদা দাবি করা হয়।
জাকির হোসেন চাঁদা দিতে রাজি না হওয়ায় সালাম শেখ ও তার সহযোগীরা কদমতলা থেকে ঘ্যানসা পর্যন্ত প্রায় এক কিলোমিটার বালু পরিবহনের পাইপ ক্ষতিগ্রস্ত করেন বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে। এতে আনুমানিক দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাদী।
এ ঘটনায় সালাম শেখসহ ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে আসামি করে পিরোজপুর সদর থানায় মামলা করেন জাকির হোসেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার চার আসামিকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.