রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলার সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌসের চিকিৎসা অর্থসংকটে অনিশ্চয়তার মুখে পড়েছিল। অসহায় পরিবারের আকুতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নজরে আসে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস-প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের। এরপর জান্নাতুলের চিকিৎসার সার্বিক খোঁজ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।
বর্তমানে জান্নাতুল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। তার চিকিৎসায় ইতোমধ্যে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সোমবার বোর্ডের সভায় জান্নাতুলের শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।
রোববার (৩০ আগস্ট) চিকিৎসাধীন জান্নাতুলকে দেখতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যান খুলনা জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী। এ সময় তিনি শিশুটির পাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং তার চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।
হাসপাতালে অবস্থানকালে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে জান্নাতুলের বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসাসংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত হন। পরে জেডআরএফের সদস্য ডা. এমআর হাসানের সঙ্গে জান্নাতুলের পরিবারের ভিডিও কলে কথা বলার ব্যবস্থা করা হয়।
জান্নাতুলের পরিবার জানায়, অর্থসংকটের কারণে তার চিকিৎসার ব্যয় বহন করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছিল। চিকিৎসা চালিয়ে নেওয়া নিয়ে দুশ্চিন্তার মধ্যে পরিবারের অসহায়ত্বের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ডা. জুবাইদা রহমানের নজরে এলে তিনি দ্রুত জান্নাতুলের চিকিৎসার সার্বিক খোঁজ নেওয়ার নির্দেশ দেন।
এরপর সংশ্লিষ্টদের মাধ্যমে জান্নাতুলের চিকিৎসার বর্তমান অবস্থা, প্রয়োজনীয় চিকিৎসা এবং পরবর্তী করণীয় নিয়ে উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
সোমবার বোর্ডের সভায় সংশ্লিষ্ট চিকিৎসকরা জান্নাতুলের শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি পর্যালোচনা করবেন। এরপর তার প্রয়োজন অনুযায়ী পরবর্তী চিকিৎসাপদ্ধতি নির্ধারণ করা হবে।
কয়রার প্রত্যন্ত এলাকার এই কিশোরীর চিকিৎসা নিয়ে অর্থসংকটে থাকা পরিবার এখন চিকিৎসকদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। পরিবারের আশা, প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা পেলে দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে জান্নাতুল।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.