বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী ও ফায়ার সার্ভিসের সংশ্লিষ্টরা।
রোববার (৩০ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকার দক্ষিণ বাজার বড় মসজিদসংলগ্ন একটি মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত আনুমানিক ১২টার দিকে মার্কেটের একটি দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি স্থানীয় শত শত মানুষ আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে জমজম হোটেল, রিপন মোদকের মুদি দোকানসহ মোট ছয়টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়। আগুনে দোকানগুলোর মালামাল ও আসবাবপত্রসহ বিপুল পরিমাণ সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ী ও ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, ‘ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে তাদের সহযোগিতার ব্যবস্থা করা হবে।’
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে চরম হতাশা ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। তারা সরকারি ও বেসরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.