ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক ও সুধীজন অংশগ্রহণ করেন।
কাজী নজরুল ইসলামের কালজয়ী ‘বিদ্রোহী’ কবিতার অমর পঙ্ক্তি—‘বল বীর—বল উন্নত মম শির! শির নেহারি আমারি নতশির ওই শিখর হিমাদ্রির’—প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় কবির জীবন, সাহিত্যকর্ম ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার চেতনা শিক্ষার্থীদের মাঝে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের সাম্য, মানবতা ও প্রগতির প্রতীক। তরুণ ও শিক্ষার্থীদের মধ্যে নজরুলের চেতনা ও আদর্শ ছড়িয়ে দিতেই এ আয়োজন। নজরুলের কবিতা ও সাহিত্য শিক্ষার্থীদের সৎ, সাহসী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে অনুপ্রেরণা জোগাবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাযহারুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, মো. ফারুক বখত ও সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিনসহ অন্যরা।
বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও দর্শনের বিভিন্ন দিক তুলে ধরে শিক্ষার্থীদের নজরুলের মানবতাবাদী, অসাম্প্রদায়িক ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী চেতনা ধারণ করার আহ্বান জানান।
আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, গানসহ বিভিন্ন পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.