ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সমাজ, শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক-বাহক এবং গেরদা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব আবদুল খালেকের ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে তাঁর প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় সামাজিক সংগঠনের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে মরহুমের প্রতিষ্ঠিত আলহাজ্ব আবদুল খালেক ডিগ্রি কলেজ, আলহাজ্ব আবদুল খালেক উচ্চ বিদ্যালয় এবং খালেক চেয়ারম্যানের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় আট শতাধিক শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
স্মরণসভায় মরহুম আবদুল খালেকের কর্মময় ও আদর্শিক জীবন নিয়ে আলোচনা করা হয়। বক্তব্য দেন গেরদা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মরহুমের জ্যেষ্ঠ পুত্র মো. আরিফ হোসেন এবং আলহাজ্ব আবদুল খালেক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও মরহুমের কনিষ্ঠ পুত্র মুহাম্মদ সেলিম হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব আবদুল খালেক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. শফিউদ্দিন মোল্লা, বর্তমান প্রধান শিক্ষক ফজিলাতুন্নেছা, ৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য নুরুল ইসলাম বাবলু, সাবেক ইউপি সদস্য মো. খলিলুর রহমান, বিশিষ্ট সমাজসেবক আয়নাল হক মোল্লাসহ স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, আলহাজ্ব আবদুল খালেক চেয়ারম্যান আজীবন এলাকার শিক্ষা বিস্তার ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তাঁর রেখে যাওয়া নীতি, আদর্শ ও মানবকল্যাণের দৃষ্টান্ত অনুসরণ করে সমাজ গঠন এবং শিক্ষার মানোন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।
আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.