ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারী ও সালথা উপজেলার সীমান্তবর্তী ঐতিহ্যবাহী ময়েনদিয়া বাজারের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার বিকেল ৪টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ধুলজোড়া ব্রিজ এলাকায় এ সংঘর্ষ চলে। সংঘর্ষের ঘটনায় বাজার ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ময়েনদিয়া বাজারের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরমেশ্বরদী ইউনিয়নের বরখাস্ত চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বর এবং পার্শ্ববর্তী সালথা উপজেলার খাড়দিয়া গ্রামের বিএনপি নেতা মুশফিক বিল্লাহ জিহাদের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল।
গত শুক্রবার ময়েনদিয়া দাইপাড়া এলাকায় একটি দোকানে হামলা এবং শনিবার এক ইলেকট্রনিকস ব্যবসায়ীর কাছে চাঁদা দাবিকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় বলে স্থানীয়রা জানান। এ সময় স্থানীয়দের সঙ্গে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে যুবদল নেতা সোলায়মান আহত হন। তাকে উদ্ধার করতে গেলে অস্ত্রধারীদের হামলায় মুশফিক বিল্লাহ জিহাদ গুরুতর আহত হন বলে অভিযোগ রয়েছে।
ওই ঘটনার জেরে রোববার বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ধুলজোড়া ব্রিজ এলাকায় জড়ো হলে সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় চলা সংঘর্ষে কবির মোল্যা, কামরুল মোল্যা ও লোকমান মোল্যাসহ অন্তত ৩০ জন আহত হন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নতুন করে সংঘর্ষ এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, হামলার ঘটনায় ইতোমধ্যে দুইজনকে আটক করা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.