হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
বিয়ে শেষে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে বরের গাড়ি থামিয়ে ভাঙচুর এবং নববধূকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা আতিকুর রহমান মিয়াদ ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (৩০ আগস্ট) রাতে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার হাজিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার আবুল মিয়ার মেয়ে তামান্না আক্তারের সঙ্গে নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া গ্রামের আক্তার মিয়ার ছেলের বিয়ে হয়। রোববার বিকেলে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে বরযাত্রীরা মাইক্রোবাসে করে বাড়ির উদ্দেশে রওনা দেন।
বরপক্ষের অভিযোগ, হাজিপুর বাজার এলাকায় পৌঁছালে চর হাজিপুর গ্রামের মজিবুরের ছেলে আতিকুর রহমান মিয়াদের নেতৃত্বে ২০-২৫ জন যুবক মাইক্রোবাসটির গতিরোধ করেন। এ সময় তারা গাড়িতে ভাঙচুর চালান। একপর্যায়ে নববধূকে গাড়ি থেকে জোরপূর্বক নামিয়ে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেছে বরপক্ষ।
এদিকে অভিযুক্ত আতিকুর রহমান মিয়াদের ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে লেখা ছিল, ‘জীবনে আর কিছু চাওয়ার নাই..!’ পোস্টটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা শুরু হয়।
দলীয় সূত্রে জানা গেছে, গত ১৬ আগস্ট কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে হোসেনপুর উপজেলা ছাত্রদলের নেতা হিসেবে আতিকুর রহমান মিয়াদ ডিউটি পাস পেয়েছিলেন।
হোসেনপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজীব বলেন, ‘আতিকুর রহমান মিয়াদ ছাত্রদলের কর্মী। তবে কীভাবে তিনি কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামের অনুষ্ঠানে ডিউটি পাস পেয়েছিলেন, সেটা আমি বলতে পারব না।’
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওসাদ বলেন, ‘ঘটনাটি আমি জানতে পেরেছি। এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ‘ওই মেয়ের সঙ্গে ছেলেটির প্রেমের সম্পর্ক ছিল। তাদের সম্পর্ক মেনে নেওয়া হয়নি। এ কারণেই ছেলেটি এমন ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।’
ওসি আরও জানান, বরের পরিবার লিখিত অভিযোগ দিয়েছে। মেয়েটির পরিবার জানিয়েছে, অভিযুক্ত মিয়াদ মিয়া দীর্ঘদিন ধরে তামান্নাকে উত্ত্যক্ত করে আসছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.